ইরানি প্রতিরক্ষা সূত্রের দাবি
'ইরান কোনো তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেনি'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পারস্য উপসাগরে ইরানের পক্ষ থেকে কোনো তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করা হয়নি।
ইরানের ওই নিরাপত্তা সূত্র স্থানীয় ফারসি গণমাধ্যমকে এ তথ্য জানায়। আমেরিকা গতকাল (বুধবার) অভিযোগ করেছে যে, ইরান পারস্য উপসাগর থেকে দুটি তেলবাহী জাহাজ আটকের চেষ্টা করেছে।
মার্কিন নৌ বাহিনী দাবি করে যে, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে ইরান দুটি তেলবাহী জাহাজ আটকের জন্য দুই দফা চেষ্টা চালায়। মার্কিন সেনারা সেই প্রচেষ্টা বানচাল করে দিয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের নৌবাহিনী প্রথমে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী টিআরএফ মস নামে একটি জাহাজ আটকের চেষ্টা চালায়। এর কয়েক ঘন্টা পর বাহরাইনের পতাকাবাহী রিচমন্ড ভয়েজার নামে আরেকটি জাহাজ আটকের চেষ্টা চালায় কিন্তু আমেরিকার একটি ডেস্ট্রয়ার দেখে ইরানি নৌ বাহিনী পালিয়ে যায়।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড আরো দাবি করেছে, একটি জাহাজ আটকের চেষ্টাকালে ইরানি নৌ সেনারা জাহাজটি লক্ষ্য করে গুলি পর্যন্ত চালায়। ইরান এই অভিযোগ দৃঢ়তার সাথে নাকচ করেছে তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেনি।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।