অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হেলিকপ্টার
'পশ্চিম এশিয়ায় ইরানের হেলিকপ্টার বহর সবচেয়ে শক্তিশালী'
পশ্চিম এশিয়ায় ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক হেলিকপ্টারের বহর রয়েছে বলে একজন পদস্থ সেনা কর্মকর্তা ঘোষণা করেছেন।
ইরানের সেনাবাহিনীর এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফ কোরবানি বলেছেন, এসব হেলিকপ্টারকে প্রকৃত যুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে হামলা চালানোর মতো অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হয়েছে।
শনিবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের সামরিক হেলিকপ্টারগুলোকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত করায় তিনি ইরানি সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই সেনা কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে।এসব ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে তিনি জানান। জেনারেল কোরবানি বলেন, মাত্র তিন সেকেন্ডে এসব ক্ষেপণাস্ত্র শত্রুর অবস্থান তছনছ করে ফেলতে পারে।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।