তেহরান-মস্কোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই: ইরান
-
ইরানের তথ্য এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মাহমুদ ভায়েজি
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান এবং রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপারে দুই দেশই দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইরানের তথ্য এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মাহমুদ ভায়েজি।
মস্কোয় অনুষ্ঠিত ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশনের প্রতিনিধিদের মধ্যে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।বৈঠকটিতে তিনি এবং রাশিয়ার জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইরানের পক্ষে যৌথ কমিশনের চেয়ারম্যান মাহমুদ ভায়েজি বলেন, কোনো রকম সীমাবদ্ধতা ছাড়াই রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে ইরান প্রস্তুত রয়েছে।
গত ১৬ জানুয়ারি থেকে ইরান এবং জার্মানিসহ জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স,চীন এবং রাশিয়া পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ বাস্তবায়নের কাজ শুরু করে। সমঝোতা পত্রের আওতায় ইরানের ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচী বন্ধ রাখবে।
যৌথ অর্থনৈতিক কমিশনের ১২তম সেশনে যে চুক্তি হয়েছে সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান ভায়েজি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯