শত্রুর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত: ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডার
-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি।
ইরানের খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত অবস্থায় রয়েছে। তার ভাষায়, শত্রুপক্ষের যেকোনো পরিকল্পনা বা সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সোমবার ইরানের সেনাবাহিনীর উত্তর-পশ্চিম বিমান প্রতিরক্ষা অঞ্চলের একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “রমজান যুদ্ধ”-এ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের সীমান্ত ও আকাশসীমা রক্ষায় একটি গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে।এটি ছিল বিমান প্রতিরক্ষা বাহিনীর সাহসী সদস্যদের এক স্মরণীয় ও স্থায়ী অভিজ্ঞতা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।
কমান্ডার এলহামি বলেন, ইতিহাসের শুরু থেকেই সত্য ও অসত্যের সংঘর্ষ বিদ্যমান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দাবি করেন, ইরানের জনগণ ইসলামি বিপ্লবের নেতার আহ্বানে সাড়া দিয়ে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।তার মতে, জনগণ রাস্তাঘাটে অভূতপূর্ব দৃঢ়তা ও ঐক্যের নজির স্থাপন করেছে।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় সক্ষম। এলহামি বলেন, ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের বিমান প্রতিরক্ষা সদস্যদের সাহসিকতা স্বাধীনতাকামী মানুষের জন্য গর্বের বিষয়। তিনি জানান, দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এখনও ইরানের আকাশসীমা রক্ষায় দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার মতে, বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহস, নিষ্ঠা ও প্রস্তুতি দেশের জনগণের জন্য আশ্বাস ও আত্মবিশ্বাসের উৎস।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।