এ মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই, অগ্রাধিকার দেশের প্রতিরক্ষা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিকবিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি।
পার্সটুডে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেছেন, আপাতত কোনো আলোচনার সম্ভাবনা নেই এবং বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার হলো দেশের প্রতিরক্ষা।
পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিকবিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, “আমরা আলোচনায় ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রই ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে এসব আগ্রাসী পদক্ষেপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আমরা দেশের দৃঢ় প্রতিরক্ষার মুখোমুখি রয়েছি এবং যুক্তরাষ্ট্রও ইতোমধ্যে বুঝে গেছে যে, এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড কোনো ফল বয়ে আনবে না। তারা যদি বিচক্ষণ হয়, তবে তাদের অন্য পথ বেছে নেওয়া উচিত।”
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ মুহূর্তে আমাদের সামনে যে পথ খোলা রয়েছে, তা হলো দৃঢ়ভাবে দেশকে রক্ষা করা এবং আগ্রাসীদের উপযুক্ত শিক্ষা দেওয়া।”
গারিবাবাদি বলেন, “যুক্তরাষ্ট্র কার্যত তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং তা স্থগিত করেছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আমরাও আমাদের অঙ্গীকার স্থগিত করেছি এবং বর্তমানে সেগুলো বাস্তবায়ন করছি না।”#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।