চাপ দিয়ে ইরানের ইচ্ছাশক্তিকে দুর্বল করা যাবে না: মেজর জেনারেল সাফাভি
-
মেজর জেনারেল সাফাভি
পার্সটুডে- সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী নতুন উদ্যোগ গ্রহণ এবং যুদ্ধক্ষেত্রের পরিবর্তন ঘটিয়ে শত্রুদের সমীকরণে প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন: ইরানি জাতির সহনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং শত্রুরা রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে ইরানি জাতির ইচ্ছাশক্তিকে দুর্বল করতে পারবে না।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি এই অঞ্চলের ঘটনাবলী এবং প্রতিরোধ ফ্রন্টের কথা উল্লেখ করে বলেছেন: আজ, এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের দাম্ভিক শক্তির মধ্যকার সংঘাত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সহকারী বলেন, ইরানি জাতির প্রতিরোধ এবং নিপীড়ন ও ঔদ্ধত্যের মোকাবিলায় রণাঙ্গনে আমাদের যোদ্ধাদের অবিচল উপস্থিতি ব্যাপক সাফল্য এনেছে। তিনি বলেন: আজ, শিশুহত্যাকারী শাসনব্যবস্থাগুলোর ক্ষমতার পতন এবং পশ্চিম এশীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইরানি জাতির শক্তি বৃদ্ধির লক্ষণ দৃশ্যমান।
তিনি আরও বলেন: এমনকি পশ্চিমা বিশ্লেষক এবং গবেষণা কেন্দ্রগুলোও বিভিন্ন ক্ষেত্রে ইরানের শক্তির বৃদ্ধিকে স্বীকার করে। আজ, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা এবং প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ইরানের বৈজ্ঞানিক শক্তির কথা উল্লেখ করে মেজর জেনারেল সাফাভি বলেন: ইরানের বৈজ্ঞানিক ও চিকিৎসা প্রযুক্তিগত অগ্রগতি ইরানি বিজ্ঞানী, চিকিৎসক এবং তরুণদের প্রচেষ্টার ফল, এবং এই সাফল্যগুলো প্রমাণ করে যে, চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি জাতি তার অগ্রগতির পথ অব্যাহত রেখেছে।
সর্বাধিনায়কের সর্বোচ্চ উপদেষ্টা জোর দিয়ে বলেছেন: সাম্প্রতিক বছরগুলোতে ইরানি জাতির সহনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং শত্রুরা অতীতের মতো রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে আর ইরানি জাতির মনোবলকে দুর্বল করতে পারবে না।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।