জুলকাদর: যুক্তরাষ্ট্র আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর
পার্সটুডে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর বলেছেন, যুদ্ধ হোক কিংবা আলোচনা—ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই পিছু হটবে না।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, সাংবাদিক দিবস উপলক্ষে সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে এক বার্তায় ইরান ও অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জুলকাদর বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। আচরণ সংশোধনের অর্থ হলো—
১. ইরানকে কোনোভাবেই এবং কোনো ভাষায় হুমকি দেওয়া যাবে না এবং ইরানি জনগণের পবিত্র মূল্যবোধের প্রতি অবমাননা করা যাবে না।
২. ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩. সামুদ্রিক অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনীসহ সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে।
৪. ইরানের বিরুদ্ধে চালানো দুই দফা আগ্রাসনমূলক ও চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে।
৫. ইরানের জনগণের ওপর আরোপিত অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
৬. ইরানের জনগণের জব্দ ও আটকে রাখা সম্পদ কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দিতে হবে।
জুলকাদর বলেন, এগুলো ইরানের জনগণের দাবি, যা তারা ১৬০ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে মাঠে ও রাজপথে উপস্থিত থেকে তুলে ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কখনোই পিছু হটবে না—যুদ্ধের ক্ষেত্রেও নয়, আলোচনার ক্ষেত্রেও নয়।#
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।