ইরানের সেনাবাহিনীর মুখপাত্র:
ফের ইরানে সামরিক আগ্রাসন চালানো হলে শত্রু আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র, ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভালো নয় বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানের সেনাবাহিনী সবদিক থেকে প্রস্তুত।
ইরানের রাষ্ট্রিয় বার্তাসংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাবের ভুলের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্প মনে করেছিলেন হামাস ও লেবাননের হিজবুল্লাহর ওপর আঘাত এবং সিরিয়ায় সরকারের পতনের পর ইরানের ভূখণ্ডে সামরিক আগ্রাসনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের যুদ্ধযন্ত্রকে থামিয়ে দিয়েছে।
আকরামি-নিয়া বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য-ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং তাদের কথিত গোপন লক্ষ্য- ইরানকে ভেঙে টুকরো টুকরো করা- কোনোটিই অর্জন করতে পারেনি।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি মোটেও ভালো নয় এবং তারা আবারও সামরিক আগ্রাসনের পথে যেতে পারে। তবে, এ অবস্থায় তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করে বলেন, ফের সামরিক আগ্রাসন হলে তারা আরও বেশি ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য সবদিক থেকে প্রস্তুত রয়েছে।
শেষে র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া বলেন, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করা; মুসলিম দেশগুলোর নিরাপত্তা নয়। তার ভাষায়, পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দিতে পারলে অঞ্চলটি আরও নিরাপদ হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।