নারীরা সমাজের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি: হাক-শেনাস
-
গিলানের নারী
পার্সটুডে-ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের গভর্নর হাদি হাকশেনাস সমাজের উন্নয়নে নারীদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সক্ষমতা, প্রতিভা ও উপযুক্ত পরিবেশ রয়েছে। এখন এই সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।
মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় গিলান গভর্নর কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী ও পরিবারবিষয়ক কেন্দ্রের প্রধানের উপস্থিতিতে পৌরসভাগুলোর নারী ও পরিবারবিষয়ক প্রতিনিধিদের এক বৈঠকে বক্তব্য দেন হাদি হকশেনাস। এ সময় তিনি নারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “নারীরা সমাজের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান উপাদান।”
দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কম উল্লেখ করে তিনি বলেন, মোট শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার মাত্র ১৪ শতাংশ। অথচ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে নারীদের অংশগ্রহণ ৬০ শতাংশ। তার মতে, এই পরিসংখ্যান একটি উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়।
গিলানের গভর্নর বলেন, দেশের সংবেদনশীল পরিস্থিতি সত্ত্বেও প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিয়োগ ও অংশগ্রহণ প্রদেশে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছে।
নারীদের পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের ওপর গুরুত্ব দিয়ে হকশেনাস বলেন, শ্রমশক্তিতে নারীদের ১৪ শতাংশ অংশগ্রহণ এক ধরনের বিপর্যয়। কারণ, দেশজুড়ে-বিশেষ করে গিলানে-নারীদের এই সক্ষমতা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ, প্রতিভা, সুযোগ-সুবিধা ও অবকাঠামো রয়েছে; কিন্তু তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না।
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে কার্যকারিতা ও উৎপাদনশীলতা বাড়াতে বিদ্যমান সক্ষমতার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বৈঠকের ফলাফল হিসেবে প্রশাসনিক ব্যবস্থায় নারীদের অবস্থান আরও শক্তিশালী হবে।#
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।