সিরিয়া নিয়ে চলতি মাসে মস্কোয় বৈঠক: যোগ দেবে ইরান-রাশিয়া-তুরস্ক
ইরান, রাশিয়া এবং তুরস্কের শীর্ষ কূটনীতিকরা এ মাসের শেষদিকে মস্কোয় এক বৈঠকে বসবেন। সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য এ বৈঠক হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, তেহরানের উদ্যোগে আয়োজিত এ বৈঠক চলতি মাসের ২৭ তারিখ হবে। তিনি আরো বলেন, সিরিয়ার আলেপ্পো নগরীতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সেখানকার বেসামরিক মানুষদের সহায়তা করার টেকসই প্রচেষ্টায় জড়িত রয়েছে ইরান।
তিনি জানান, মস্কোয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য সিরিয়া, তুরস্ক এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ অসংখ্যবার ফোনালাপ করেছেন।
সিরিয়ার পরিস্থিতিকে ‘তৈরি করা সংকট’ হিসেবে উল্লেখ করে কাসেমি বলেন, ২০১১ সালে সংকটের শুরু থেকেই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার তৎপরতা অব্যাহত রেখেছে ইরান।
সিরিয়া যখন উন্নতির শিখরে ছিল তখন সেখানে কথিত আরব বসন্তের নামে দেশটির বৈধ সরকার উচ্ছেদের লক্ষ্যে সন্ত্রাসীদের ঢুকিয়ে দেয়া হয়। এ তৎপরতায় পশ্চিমা এবং আরব চক্র জড়িত ছিল বলে জানান তিনি। তিনি বলেন, এটি দেশটির সব মানবিক এবং বস্তুগত বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭