আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে উদযাপিত হচ্ছে বিপ্লব বার্ষিকী
-
তেহরানের আযাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর সমাবেশ
লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপিত হচ্ছে। ৩৮ বছর আগে অর্থাৎ ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (র)’র নেতৃত্বে মার্কিন সমর্থিত স্বৈরশাসক রেজা শাহের পতন হয় এবং ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে বিজয় লাভ করে।
ইরানে ফারসি ক্যালেন্ডার অনুসরণ করা হয় এবং সে অনুসারে আজ ২২ বাহমান বিপ্লব বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটির স্মরণে সারা ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় মিছিল ও সমাবেশ করছেন।
রাজধানী তেহরানের আযাদি স্কয়ারে আয়োজিত প্রধান সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। দেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা রাজধানীর সমাবেশে যোগ দিয়েছেন।
চলতি বছরের বিপ্লব বার্ষিকীর মিছিল ও সমাবেশকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তেহরানের বিরুদ্ধে নানা হুমকি দিয়েছেন। জবাবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের জনগণ ট্রাম্পের এসব হুমকি ও বাগাড়ম্বরের জবাব দেবেন বিপ্লব বার্ষিকীর দিন। গত মঙ্গলবার সর্বোচ্চ নেতা বলেছেন, ট্রাম্পের হুমকির জবাবে ইরানের জনগণ তাদের বিপরীত অবস্থান দেখিয়ে দেবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০