সিরিয়া যুদ্ধের মূলে রয়েছে ইসরাইলের নিরাপত্তা: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়া যুদ্ধের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা। তিনি আজ সংসদীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের দেশে দেশে যে ইসলামি জাগরণ সৃষ্টি হয়েছিল তা ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকিপূর্ণ ছিল এবং এ কারণে ইসলামি জাগরণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সিরিয়ায় সংঘাত বাধিয়ে দিয়েছে পাশ্চাত্যের দেশগুলো। এটি পাশ্চাত্যের ষড়যন্ত্রেরই অংশ।
তিনি বলেন, সিরিয়ায় বর্তমানে যে সংঘাত চলছে তার পেছনে রয়েছে দখলদার ইসরাইলকে রক্ষার গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে ইসলামি প্রতিরোধ শক্তিকেও সিরিয়ায় ব্যস্ত রাখতে চেয়েছে ইসলামের শত্রুরা।
আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ায় এখন ইসলামি প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইহুদিবাদ ও তাকফিরি সন্ত্রাসবাদ একযোগে লড়াই করছে। ইরান কখনোই সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের বিরোধী ছিল না বলে জানান সাবেক এই উপ-পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে এটা উপলব্ধি করতে হবে যে দুই দেশের মধ্যে সম্পর্কের গুরুত্ব রয়েছে। তাহলেই সম্পর্ক স্থাপিত হতে পারে। তিনি বলেন, ইরান ও সৌদি আরব উভয়ই মধ্যপ্রাচ্যের বৃহৎ ও প্রভাবশালী দেশ। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩