মস্কোয় রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ (ভিডিও)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় তেহরান-মস্কো সহযোগিতা জরুরি। রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সোমবার রাতে মস্কোয় রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
রুহানি আশা প্রকাশ করে বলেন, তার এ সফরের ফলে দুদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা আরো শক্তিশালী হবে।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান রুশ প্রধানমন্ত্রী। মেদভেদেভ বলেন, তার সরকার সকল ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। বর্তমানে তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে মেদভেদেভ বলেন, নিঃসন্দেহে এ সফরের ফলে সে সম্পর্ক আরো শক্তিশালী হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার মস্কো সফরে গেছেন প্রেসিডেন্ট রুহানি। আজ (মঙ্গলবার) দুই প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজ মস্কো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট রুহানিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে। এ ছাড়া, ইরানের প্রেসিডেন্ট ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সমাবেশে ভাষণ দেবেন বলেও কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮