পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সেনারা বর্বর ডাকাত: ইরান
-
জেনারেল হোসেইন দেহকান
মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্য উপসাগর ত্যাগ ও এ অঞ্চলের দেশগুলোকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক ইরান বিদ্বেষী মন্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানালেন তিনি।
জেনারেল দেহকান বলেন, “পারস্য উপসাগরে আমেরিকার কি কাজ? তাদের উচিত এ অঞ্চল ত্যাগ করা এবং এখানকার দেশগুলোকে হয়রানি বন্ধ করা। যদি কারো বাড়ির দরজা ভেঙে ডাকাত অনুপ্রবেশ করে তাহলে তাকে কি ওই বাড়ির মালিক লাল গালিচা সংবর্ধনা দেবে? পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি একবিংশ শতাব্দির আধুনিক বর্বরতার একটি উৎকৃষ্ট উদাহরণ। এসব মার্কিন সেনা বর্বর ডাকাতের ভূমিকা পালন করছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান পেশিশক্তি প্রদর্শন করে যাচ্ছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রতিরক্ষামন্ত্রী দেহকান। বুধবার আমেরিকার কেন্দ্রীয় সেনা কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল ইরানের বিরুদ্ধে ‘সামরিক শক্তি’ প্রয়োগের আহ্বান জানান। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের ‘স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী সবচেয়ে বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন নৌবাহিনী দাবি করেছিল, তাদের বিমানবাহী রণতরী এইচ.ডাব্লিউ বুশ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি গানবোটের মাধ্যমে ‘হুমকি’ ও ‘হয়রানি’র শিকার হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১