আলেপ্পোয জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২ , ইরানের নিন্দা
-
বোমা হামলায় হতাহত হয় বহু শিশু। শনিবারের হামলায় আহত এক শিশুকে আলেপ্পোর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে
সিরিয়ার আলেপ্পো শহরের কাছে উগ্র জঙ্গিদের এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ১১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েশ' নিরীহ মানুষ। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দু’টি শিয়া অধ্যুষিত গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের আলেপ্পোয় সরিয়ে নেয়ার পথে এ বোমা হামলা চালানো হয়।
উগ্র জঙ্গিদের সঙ্গে সিরিয়া সরকারের এক চুক্তি অনুযায়ী, জঙ্গিদের হাতে অবরুদ্ধ দুটি গ্রাম থেকে এসব মানুষকে সরিয়ে নেয়া হচ্ছিল।
আলেপ্পোর পশ্চিমে অবস্থিত আর-রাশিদিন এলাকার একটি চেক-পয়েন্টে শনিবার বিকেলে ওই হামলা চালানো হয়। লেবাননের আল-মায়াদিন টিভি জানিয়েছে, হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়া ছাড়াও অপর অর্ধ-শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপয়েন্টে দাঁড়িয়ে থাকা বাসের সারি ও মানুষের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইদলিব প্রদেশের কেফরাইয়া ও আল-ফুয়া গ্রাম থেকে বাসের বহরে করে আসা শিশুরা যখন চেক-পয়েন্টটিতে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে ছিল তখন তাদের উপর আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি।
গতমাসের শেষের দিকে জঙ্গিদের হাতে অবরুদ্ধ ফুয়া ও কেফরাইয়া গ্রাম থেকে ১৬,০০০ বেসামরিক নাগরিককে বেরিয়ে আসার সুযোগ দিতে রাজি হয় জঙ্গিরা। এর বিনিময়ে সরকারি অবরোধে থাকা জাবাদানি ও মাদায়া শহর দুটি থেকে জঙ্গি ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে সম্মত হয় সিরিয়ার সেনাবাহিনী।
শনিবার থেকে দুপক্ষের লোকজনকে সরিয়ে নেয়ার এ কাজ শুরু হয়েছিল। এরইমধ্যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালালো জঙ্গিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই বোমা হামলার মধ্যদিয়ে তাকফিরি সন্ত্রাসীদের পাশবিক চরিত্র আরেকবার বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। কাসেমি সেসব দেশেরও নিন্দা জানান যারা নিজেদেরকে সিরিয়ার জনগণের সমর্থক বলে দাবি করলেও জঙ্গিদের এসব বর্বরতার ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬