আরাক ভারি পানির পরমাণু চুল্লি নিয়ে চুক্তি করবে ইরান ও চীন
ইরানের আরাক ভারি পানির পরমাণু চুল্লির নকশা নতুন করে তৈরির জন্য তেহরান এবং একটি চীনা কোম্পানি বাণিজ্যিক চুক্তি করবে। চলতি সপ্তাহে এ চুক্তি করা হবে।
চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং আজ (বৃহস্পতিবার) প্রাত্যহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, এ চুক্তি সংক্রান্ত প্রাথমিক সমঝোতা হয়েছে এবং রোববারে ভিয়েনায় চুক্তি সই হতে পারে।
জিসিপিওএ নামে ২০১৫ সালে সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ এ চুক্তি বলেও জানান লু কাং। তিনি আরো বলেন, পরিকল্পনা ভালোভাবেই এগিয়ে চলেছে। চুক্তি সই করার পর আরাক পরমাণু চুল্লির নতুন করে নকশা প্রণয়নের উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করবে বলেও জানান তিনি।
ক্যান্সারসহ অন্যান্য চিকিৎসার কাজে ব্যবহৃত আইসোটোপ তৈরির জন্য আরাকের ৪০ মেগাওয়াট চুল্লি পুনর্নির্মাণ করা হবে। প্লুটোনিয়াম উৎপাদন সংক্রান্ত বিষয়ের জন্য ইরান পরিকল্পিত এই গবেষণা চুল্লির নকশা আবার প্রণয়ন করতে চাইছে।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২০