ইরানকে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় যেতে বাধা দিচ্ছে আমেরিকা: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তার দেশের লেনদেনে বাধা সৃষ্টি করার জন্য আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরান-ইউরোপ চতুর্থ ব্যাংকিং এন্ড বিজনেস ফোরামে বক্তৃতা দিতে গিয়ে এ নিন্দা জানান জারিফ।
তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার আগে ইরানের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থাকে অচল করে দেয়ার লক্ষ্যে এই খাতের ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে পরমাণু সমঝোতা সই করার পর সে পরিস্থিতি বদলে যাওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে নয়া মার্কিন প্রশাসনের ইরান বিরোধী বাগাড়ম্বর আন্তর্জাতিক ব্যাংকিং পরিবেশকে অত্যন্ত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে এ সব ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন করতে সাহস পাচ্ছে না।
বিদেশি ব্যাংকগুলোতে থাকা ইরানের সম্পদ আটক করার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ডাকাত’ বলে অভিহিত করেন।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিতম ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে ইরান যা ২০১৬ সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন শুরু হয়। ওই ঘটনার পর প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তেহরানের লেনদেন শুরু হয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০