ইরানের ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে স্থগিত করতে হবে: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন, পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে ইরানের ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসন যথাসময়ে স্থগিত করবে।
তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অংশ হিসেবে ইরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ (মঙ্গলবার) প্রকাশিত 'ইসনা' সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতা পত্র নিয়ে সম্প্রতি আমেরিকাসহ এর সঙ্গে জড়িত সব পক্ষের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে সবাই ওই সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। ইরান ও ছয়জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত যৌথ কমিশনের ৭ম বৈঠক শেষে সমঝোতা মেনে চলা বিষয়ে ইতিবাচক বিবৃতি দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৫ এপ্রিল পরমাণু সমঝোতা বিষয়ে যৌথ কমিশনের যে বৈঠক হয়েছে তার চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, চূড়ান্ত পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ'র প্রতি সব পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং এটি পুরোপুরি ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও সব পক্ষ জোর দিয়েছে।
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা আমেরিকা যেভাবে লঙ্ঘন করছে সে বিষয়টিও যৌথ কমিশনে তুলে ধরা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২