ইরান: সালমানের বক্তব্য প্রমাণ করে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে সৌদি আরব
-
ইরানের পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে সৌদি উপ যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বক্তব্য প্রমাণ করে, তেহরানসহ গোটা মধ্যপ্রাচ্যের ব্যাপারে ‘সাংঘর্ষিক ও ধ্বংসাত্মক’ নীতি গ্রহণ করেছে রিয়াদ।
সৌদি উপ যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে বক্তব্য দেয়ার পর এক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্তণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি বলেন, বিগত বছরগুলোতে ইরান তার কথা ও কাজে প্রমাণ করেছে, দেশটি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্য অর্জনে তেহরান নিরলস প্রচেষ্টা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকটগুলো কাটিয়ে উঠে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠাকে ইরান সর্বোচ্চ গুরুত্ব দেয়। কিন্তু সৌদি আরব ঠিক তার উল্টো নীতি গ্রহণ করেছে। ইরানের এই মুখপাত্র বলেন, সৌদি-সমর্থিত ওহাবি মতবাদ থেকে সৃষ্ট তাকফিরি সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রধান কারণ।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী সালমান মঙ্গলবার সরাসরি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বক্তব্য রাখেন। সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করলে তেহরান রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি আছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয়ার পর সালমান ওই বক্তব্য দিয়েছিলেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান ‘মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ’ করতে চায় বলে তেহরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪