পাকিস্তানের কাছ থেকে এমনটা আশা করিনি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i37546-পাকিস্তানের_কাছ_থেকে_এমনটা_আশা_করিনি_ইরান
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি দু’দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসীদের হামলায় ইরানি সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং ইসলামাবাদের কাছ থেকে এই আচরণ আশা করেনি তেহরান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৯, ২০১৭ ০২:২৪ Asia/Dhaka
  • পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলায় নিহত ইরানি সীমান্তরক্ষীদের লাশের কফিন
    পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলায় নিহত ইরানি সীমান্তরক্ষীদের লাশের কফিন

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি দু’দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসীদের হামলায় ইরানি সীমান্তরক্ষী নিহত হওয়ার ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং ইসলামাবাদের কাছ থেকে এই আচরণ আশা করেনি তেহরান।

গত ২৬ এপ্রিল ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত ও অপর দুইজন আহত হন। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করে। জঙ্গিরা ইরানি সীমান্তরক্ষীদের ওপর হামলার পরপরই পাকিস্তানে পালিয়ে যায়।

আব্দুররেজা রাহমানি ফাজলি

সোমবার বিকেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানের সঙ্গে এক টেলিফোনালাপে এ সম্পর্কে রাহমানি ফাজলি আরো বলেন, পাকিস্তানকে সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিহত করতে হবে। তিনি পাক স্বরাষ্ট্রমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও সীমান্ত ইস্যুগুলো নিয়ে যথাশীঘ্র সম্ভব দ্বিপক্ষীয় আলোচনা হওয়া প্রয়োজন।

চৌধুরি নিসার আলী খান

টেলিফোনালাপে ইরানে হামলা চালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নিসার আলী খান। তিনি বলেন, সীমান্ত ইস্যুসহ নানা বিষয়ে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে ইসলামাবাদ বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এসব চুক্তি বাস্তবায়নের দায়িত্ব তাকে দিয়েছেন বলে জানান পাক স্বরাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯