আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তি সৌদিকে নিরাপদ করবে না: ইরান
-
ডোনাল্ড ট্রাম্প (বামে) ও সৌদি রাজা সালমান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে সৌদি আরব যে অস্ত্র চুক্তি করেছে তা রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করবে না। নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে এ কথা বলেছেন জাওয়াদ জারিফ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সামরিক উপকরণ ও সার্ভিস সাপোর্টের যে প্যাকেজ পাবে রিয়াদ তাতে ইরানের কথিত হুমকির মুখে সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, অস্ত্র চুক্তি সৌদি আরবের নিজের নিরাপত্তা সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান চালানোর ক্ষমতা বাড়াবে। এতে করে মার্কিন বাহিনীর ওপর থেকে বোঝা কমবে।
এ বক্তব্যের বিরোধিতা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যদি অতীত কর্মকাণ্ড ভবিষ্যতের সফলতার ইঙ্গিত হয় তাহলে নতুন করে ১১ হাজার কোটি ডলারের চুক্তি না মার্কিন বাহিনীর কাঁধ থেকে বোঝা নামাবে; না সৌদি আরবের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করবে।” জাওয়াদ জারিফ বলেন, ১৯৮০’র দশকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব সাদ্দামকে কোটি কোটি ডলার দিয়েছিল অস্ত্র কেনার জন্য কিন্তু দেখুন সেগুলো তাদের এবং বিশ্বের জন্য কী পরিণতি ডেকে এনেছে।
গত ২০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে গিয়ে দেশটির রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছেন। জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরান-ভীতি দেখিয়ে সৌদি আরবকে এসব অস্ত্র কিনতে বাধ্য করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬