ইরানের আকাশসীমা থেকে পালিয়ে গেল সৌদি সামরিক বিমান
ইরানের আকাশসীমায় একটি সৌদি সামরিক বিমান প্রবেশ করলেও তাকে সতর্ক করার পর বিমানটি এই আকাশসীমা থেকে বেরিয়ে গেছে। এ খবর জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি বলেছেন, বিমানটিতে সৌদি আরবের তেল বিশেষজ্ঞরা ছিলেন এবং ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থার সতর্কবার্তা পেয়ে এটি ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।
জারিফ বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের জানান, তেল বিশেষজ্ঞদের বহনকারী সৌদি সামরিক বিমানটি ইরানের আকাশসীমার একটি নির্ধারিত রুট ব্যবহার করবে বলে আগে থেকে অনুমতি নিয়েছিল। কিন্তু হঠাৎ করে এটি সে গতিপথ পরিবর্তন করে ইরানের গভীর অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে।
জারিফ বলেন, এ সময় ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় হয়ে উঠলে সৌদি সামরিক বিমানটি তার পূর্ব নির্ধারিত রুটে ফিরে যায় এবং এক সময় ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে যায়।
এর আগে ইরানের আকাশসীমায় সৌদি সামরিক বিমান প্রবেশ করেছে বলে খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ইরানে ব্যাপক জল্পনা শুরু হয়। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবারই জানিয়েছিলেন, সৌদি সামরিক বিমান কোনো অবস্থাতেই বিনা অনুমতিতে ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১