জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i39826-জাতিসংঘ_মহাসচিবের_সঙ্গে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_সাক্ষাৎ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ইরানসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এই বৈঠকে তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা গুরুত্ব পায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৭ ০৬:০২ Asia/Dhaka
  • আস্তানায় গুতেরেস- জারিফ বৈঠক
    আস্তানায় গুতেরেস- জারিফ বৈঠক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ইরানসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এই বৈঠকে তেহরানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা গুরুত্ব পায়।

আস্তানায় সাংহাই সহযোগিতা পরিষদ বা এসসিও শীর্ষ সম্মেলনের অবকাশে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গুতেরেস তেহরানের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় নিহতদের পরিবারবর্গ ও ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান।

তেহরানে বুধবার ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামি ও ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আলাদা সন্ত্রাসী হামলায় ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাতারের সঙ্গে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সম্পর্ক ছিন্ন করার ঘটনা থেকে সৃষ্ট উত্তেজনা নিয়েও কথা বলেন জারিফ ও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেন, একমাত্র সংলাপই পারে আরব দেশগুলোর এ মতভেদ দূর করতে।

বৈঠকে ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, এই সমঝোতা বাস্তবায়নে তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০