ইরান প্রতিদিন ১,১০০ টন খাদ্য পাঠাচ্ছে কাতারে
-
ইরানি বন্দর
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিদিন অবরুদ্ধ কাতারে ১,১০০ টন খাদ্য পাঠাচ্ছে। এসব খাদ্যের মধ্যে বেশিরভাগই থাকছে তাজা শাকসবজি ও ফলমূল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি বন্দর থেকে এসব খাদ্য কাতারে নেয়া হচ্ছে।
বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের, বোলখেইর ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। তিনি জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল; সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে।
গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং পরে দেশটির ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে। এ অবস্থায় ইরান দ্রুত কাতারে খাদ্য পাঠানোর ব্যবস্থা করে। দেশটি খাদ্য আমদানির ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল এবং সৌদি ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে এতদিন আমদানি প্রক্রিয়া চালিয়ে আসছিল। অবরোধ আরোপের পর কাতার সে সুযোগ হারিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩