পরমাণু সমঝোতা বাস্তবায়নে আমেরিকা সহযোগিতা করছে না: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তি বাস্তবায়নে আমেরিকা পরিপূর্ণভাবে সহযোগিতা করছে না। তিনি বলেন, আমেরিকার বাধার কারণে ইরান এ থেকে পুরো সুবিধা নিতে পারছে না।
জাতিসংঘ টেকসই উন্নয়নের রাজনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছানোর পর সাংবাদিকদের কাছে জারিফ এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ সমঝোতার প্রতি সব পক্ষকে অবশ্যই অনুগত থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আজ (শুক্রবার) থেকে টেকসই সম্মেলন শুরুর কথা রয়েছে।
জাওয়াদ জারিফ আরো বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা আজ পর্যন্ত সমঝোতা চুক্তির বেশিরভাগ অংশ বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তাদের বাধার কারণে ইরান এ চুক্তির পুরোপুরি সুফল নিতে পারছে না। আমরা বিশ্বাস করি তাদের অবস্থানের বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার কারণ এ ধরনের অবস্থান সমঝোতা চুক্তি টিকে থাকার জন্য সহায়ক নয়।”
জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টির যে কৌশল নিয়েছে তা অকার্যকর প্রমাণিত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪