আইআরজিসে-কে কালো তালিকায় ফেললে ঝুঁকিতে পড়বে আমেরিকা: ইরান
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করলে বড় ঝঁকির মুখে পড়বে আমেরিকা। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলে মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক, তাদের সামরিক ঘাঁটি ও সেনারা বড় ঝুঁকির মুখে পড়বে।
গতমাসে মার্কিন সিনেট ইরানের কিছু কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করেছে। তারপর আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দু দলই বিলের পক্ষে ভোট দেয়। আইআরজিসি’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য দল দুটি ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে।
এ প্রসঙ্গে ইরানি সেনাপ্রধান বলেন, মার্কিন কর্মকর্তাদের অন্য দেশের বিশেষ করে ইরানের মতো দেশের বিষয়ে আরো বিবেচনাপ্রসূত, হিসাবি ও পরিপক্কতার সঙ্গে কথা বলা উচিত। এ সময় তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সম্পূর্ষভাবে প্রতিরক্ষামূলক এবং তা নিয়ে কারো সঙ্গে আলোচনার সুযোগ নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭