সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান: কমান্ডার
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিমান শাখার শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরান কখনো পশ্চিমা দেশগুলোকে তার সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না।
ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আমেরিকা তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে সোমবার সাংবাদিকরা জানতে চাইলে জেনারেল হাজিজাদেহ বলেন, “এর জবাব খুব পরিষ্কার এবং তা হচ্ছে তেহরান সে সুযোগ কাউকে দেবে না।”
জুলাই মাসের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান ঠিকমতো পরমাণু সমঝোতা মেনে চলছে কিনা তা যাচাই করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায়। গণমাধ্যমে এ বক্তব্য প্রচারিত হওয়ার পর জেনারেল হাজিদজাদেহ সে সম্ভাবনা উড়িয়ে দিলেন।
ইরানের এ সেনা কর্মকর্তা আরো বলেন, আইআরজিসি হচ্ছে এ অঞ্চলের প্রধান সামরিক শক্তি এবং শত্রুদের বিশেষ করে আমেরিকার বাড়তি চাপ মোকাবেলায় ইরান সরকারকে সমর্থন দেবে। জেনারেল হাজিজাদেহ সুস্পষ্ট করে বলেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে এবং চাপ সৃষ্টি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে আমেরিকা লিবিয়ার মতো ইরানকে নিরস্ত্র করতে চায় কিন্তু “আমরা তাদেরকে সে অনুমতি দেব না।” তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে শত্রুরা পরাজিত হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮