সৌদি ‘উদ্ভট’ দাবি নাকচ করল ইরান
আফগানিস্তানের তালেবানকে ইসলামি প্রজাতন্ত্র ইরান অস্ত্র যোগাচ্ছে এবং জঙ্গি এ গোষ্ঠীর সঙ্গে তেহরানের যোগসাজশ রয়েছে বলে সৌদি আরব যে ‘উদ্ভট’ দাবি তুলেছে তা নাকচ করে দিয়েছে কাবুলের ইরানি দূতাবাস। আফগানিস্তানে নিযুক্ত সৌদি চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশারি আল-হাবিব এ দাবি করেছিলেন।
ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের সাবেক সরকারকে স্বীকৃতি দিয়েছিল এবং এখনো দেশটির ও গোটা অঞ্চলের নানা গোষ্ঠীর সঙ্গে বৃহত্তর সম্পর্ক আছে এমন একটি দেশ আফগানিস্তানের ভেতরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান সমর্থন করে বলে উদ্ভট দাবি করেছে।
বিবৃতিতে এ দাবিকে ভিত্তিহীন, অসামঞ্জস্যপূর্ণ এবং বিভেদ সৃষ্টিকারী বলে মন্তব্য করা হয়। আফগানিস্তানে সহিংসতা ও সন্ত্রাসের শিকার হয়েছেন ইরানি কূটনীতিবিদরা। ১৯৯৮ সালে মাজারে শরিফে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সাংবাদিক মাহমুদ সারেমি এবং আট ইরানি কূটনীতিবিদকে হত্যা করেছিল তালেবান।
এ অঞ্চলে উগ্র এবং সন্ত্রাসী চিন্তাধারার কারণ সবার কাছে পরিষ্কার। এ চিন্তাধারার ধারক বাহকদের ভুলনীতি অসংখ্যা সমস্যা সৃষ্টি করছে। এ ছাড়া, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানানোর ইরানের মূল নীতির কথা আবারো বিবৃতিতে তুলে ধরা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৯