ট্রাম্প শুরু থেকেই পরমাণু সমঝোতা ভণ্ডুলের চেষ্টা করেছেন: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভণ্ডুলের চেষ্টা করে এসেছেন।
ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না বলে ট্রাম্প শুক্রবার যে দাবি করেন তার প্রতিক্রিয়ায় জারিফ একথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প ব্যাপক চাপের মুখে রয়েছেন। সেই চাপ প্রশমন করার জন্য তিনি পরমাণু সমঝোতা থেকে ইরানের বেরিয়ে যাওয়ার মিথ্যা দাবি বারবার জনসমক্ষে তুলে ধরছেন।
জারিফ বলেন, মার্কিন সরকার এমনিতেই পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আসছিল, সেইসঙ্গে এবার বিষয়টিতে দেশটির প্রেসিডেন্টের দুরভিসন্ধি প্রকাশ পেল।
রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুন মাসে ইরান পরমাণু সমঝোতা সই করে যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওই সমঝোতার সমালোচনা করে দাবি করেন, তার দৃষ্টিতে ইরান এ সমঝোতা মেনে চলছে না। তিনি এমন সময় এ দাবি করলেন যখন গতমাসে তারই প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে দেয়া ত্রৈমাসিক প্রতিবেদনে স্বীকার করেছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২