নিকি হ্যালির ভিয়েনা সফরের তীব্র প্রতিবাদ জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i44714-নিকি_হ্যালির_ভিয়েনা_সফরের_তীব্র_প্রতিবাদ_জানাল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ’র ওপর ওয়াশিংটনের চাপপ্রয়োগকে পরমাণু সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০১৭ ০৩:৪৪ Asia/Dhaka
  • চিঠি লিখছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ
    চিঠি লিখছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ’র ওপর ওয়াশিংটনের চাপপ্রয়োগকে পরমাণু সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এবং আইএইএ’র মহাসচিব ইউকিয়া আমানোর কাছে লেখা আলাদা চিঠিতে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বুধবার ভিয়েনা সফরে গিয়ে আইএইএ’র সদর দপ্তরে এই সংস্থার মহাসচিব আমানোর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন বাড়িয়ে দেয়ার জন্য আইএইএ’র প্রতি আহ্বান জানান।

জাওয়াদ জারিফ তার চিঠিতে বলেন, আইএইএ’র ওপর চাপ সৃষ্টির জন্য মার্কিন রাষ্ট্রদূত  ভিয়েনায় যে সফর করেছেন তা ইরানের পরমাণু সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ বিষয়ে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে নিজের পেশাদারিত্ব বজায় রাখার জন্য আইএইএ’র প্রতি আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে বলেন, মার্কিন রাষ্ট্রদূত নিজে ঘোষণা করেছেন তিনি আইএইএ’র ওপর চাপ সৃষ্টি করতে ভিয়েনা সফর করছেন। নিকি হ্যালির এ ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে আইএইএ’র গ্রহণযোগ্যতাকে দুর্বল করবে বলে মন্তব্য করেন জারিফ। 

তার চিঠিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু কর্মসূচির যেসব তথ্য রয়েছে তা তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করা থেকে এই সংস্থাকে বিরত থাকতে হবে।

ইরানের শীর্ষ কূটনীতিক ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনিকে লেখা চিঠিতে নিকি হ্যালির ভিয়েনা সফরের উদ্দেশ্য সম্পর্কে এই ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোকে অবহিত করার আহ্বান জানান। সেইসঙ্গে ইউনিয়নের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করারও আহ্বান জানিয়েছেন জারিফ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪