কুর্দি গণভোটে কিরকুকের যোগ দেয়ার সিদ্ধান্ত: ইরানের হুঁশিয়ারি
-
বাহরাম কাসেমি
কুর্দিস্তানের গণভোটে অংশ নেয়ার বিষয়ে ইরাকের কিরকুক প্রদেশের কাউন্সিলররা যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবার বলেছেন, এ গণভোটে কিরকুক প্রদেশের অংশ নেয়া নিতান্তই উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য ভুল পদক্ষেপ। তিনি বলেন, কুর্দিস্তানের গণভোটের সিদ্ধান্তকে এরইমধ্যে ইরাকের কেন্দ্রীয় সরকার, জাতিসংঘ ও আঞ্চলিক বহুদেশ বিপজ্জনক উসকানি বলে প্রত্যাখ্যান করেছে।
বাহরাম কাসেমি বলেন, ইরাক সরকার ও কুর্দিস্তান স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের নেতাদের মধ্যে এ সমস্যা সমাধানের বিষয়ে যে আলোচনা চলছে কিরকুক প্রদেশের পক্ষ থেকে এ গণভোটে যোগ দেয়ার ঘোষণায় তা ক্ষতিগ্রস্ত হবে। এ পদক্ষেপ সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকেও ক্ষতির মুখে ফেলবে বলে বাহরাম কাসেমি মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, কুর্দি গণভোটের এ সিদ্ধান্ত ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি মারাত্মক লঙ্ঘন; ইরান এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করছে। তিনি বলেন, সবপক্ষকে ইরাকের সংবিধান অনুযায়ী এ সমস্যার সমাধান করার জন্য তেহরান আহ্বান জানায়। যেকোনো ধরনের অসহিষ্ণু মনোভাব নতুন সংকটের জন্ম দেবে বলেও বাহরাম কাসেমি সতর্ক করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১