এরদোগানের আগে তেহরানে আসলেন তুর্কি সেনাপ্রধান
-
জেনারেল হুলুসি (বামে) ও মেজর জেনারেল বাকেরি
তুরস্কের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুলুসি অকার ইরান সফরে এসেছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির আমন্ত্রণে তিনি এ সফর করছেন এবং সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যুতে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের বিষয় নিয়ে ইরানের সেনাপ্রধানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। আগামী ৪ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান তেহরান সফর করবেন।
গতকাল (রোববার) শেষ বেলায় জেনারেল হুলুসি তেহরান এসে পৌঁছান। এর আগে, গত আগস্টের মাঝামাঝি দিকে ইরানের সেনাপ্রধান জেনারেল বাকেরি তুরস্ক সফর করেছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইরানের কোনো সেনাপ্রধানের সেটাই ছিল প্রথম তুরস্ক সফর।
আজ সকালে আনুষ্ঠানিকভাবে জেনারেল হুলুসিকে তেহরানে অভ্যর্থনা জানানো হয়েছে। এরপর দুই সেনাপ্রধানের মধ্যে প্রথম দফা আলোচনা শুরু হয়। আশা করা হচ্ছে- তুর্কি সেনাপ্রধান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানির সঙ্গে বৈঠক করবেন।
ধারণা করা হচ্ছে- এ বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াই, সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের কুর্দিস্তানে বিতর্কিত গণভোট নিয়ে আলোচনা হবে। ইরাক ও সিরিয়ার দ্বন্দ্বে যদিও ইরান এবং তুরস্ক একই রেখায় নেই তবে দিন দিন ইরান ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে তুরস্ক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২