কুর্দিস্তানের বিচ্ছিন্নতার বিরোধিতা করলেন ইরান ও তুর্কি সেনাপ্রধান
-
জেনারেল হুলুসি (বামে) ও মেজর জেনারেল বাকেরি
ইরান ও তুরস্কের সেনাপ্রধান ইরাকের কুর্দিস্তানের বিতর্কিত গণভোট ও বিচ্ছিন্নতার বিরোধিতা করেছেন। তারা দুজনই ইরাকের কেন্দ্রীয় সরকার ও দেশটির ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করেন।
তেহরান সফররত তুর্কি সেনাপ্রধান জেনারেল হুলুসি অকারের সঙ্গে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পরে যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ঘোষণা করনে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী বৃহস্পতিবার তেহরান সফরে আসবেন বলে কথা রয়েছে। তার আগে তুর্কি সেনাপ্রধান রোববার রাতে তেহরান সফরে আসেন।
সংবাদ সম্মেলনে ইরানি সেনাপ্রধান তেহরান ও আংকারার বিরুদ্ধে অভিন্ন হুমকির কথা উল্লেখ করে বলেন, ইরাকের কুর্দিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক গণভোট ও বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ইরান ও তুরস্ক একই অবস্থানে রয়েছে। তিনি বলেন, দু দেশই মনে করে এ গণভোট অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, ইরান-তুরস্ক আরো মনে করে যে, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই রক্ষা করতে হবে। এছাড়া, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াই এবং এর সাফল্য নিয়ে তারা আলোচনা করেছেন। ইরান ও তুরস্ক সামরিক বাহিনীর প্রশিক্ষণ, যৌথ সামরিক মহড়া ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে সম্পর্ক উন্নত করবে বলেও জানান জেনারেল বাকেরি।
সংবাদ সম্মেলনে তুর্কি সেনাপ্রধান জানান, সন্ত্রাস-বিরোধী লড়াই অব্যাহত ও সীমান্তে নিরাপত্তা জোরদারে রাজি হয়েছে ইরান এবং তুরস্ক। এছাড়া, দুই দেশ সামরিক সহযোগিতা জোরদার করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
জেনারেল হুলুসি বলেন, ইরান ও তুরস্কের মধ্যে সবসময় আন্তরিক সম্পর্ক ছিল এবং আঞ্চলিক স্পর্শকাতর পরিস্থিতিতে অভিন্ন অবস্থানে থেকে সম্পর্ক আরো বাড়ানো হবে।
ইরাক ও সিরিয়ার দ্বন্দ্বে যদিও ইরান এবং তুরস্ক একই রেখায় নেই তবে দিন দিন ইরান ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে তুরস্ক। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ক সফর করেছেন। তার কয়েকদিন পর তুর্কি সেনাপ্রধান ইরান সফর করলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২