কাতারে জারিফ: আঞ্চলিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় তেহরান-দোহা
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির মধ্যে বৈঠকে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ কাতার সফরে গেছেন। সেখানে তিনি আজ (মঙ্গলবার) কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের ওপর জোর দিয়েছে ইরান ও কাতার।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইরানের মৌলিক নীতির প্রতি জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আশা প্রকাশ করেন যে সব ক্ষেত্রে তেহরান-দোহার মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে।
এ অঞ্চলের স্পর্ষকাতর পরিস্থিতি এবং উত্তেজনা প্রসঙ্গে জারিফ বলেন, "কোনো আঞ্চলিক সংকটেরই সামরিক সমাধান নেই এবং এ অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে সব পক্ষকে আলোচনার পথে ফিরে আসতে হবে।"
এদিকে, কাতারের আমির শেইখ তামিম ইরান-কাতারের চলমান সম্পর্কের প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে সব সময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। এছাড়া, আঞ্চলিক সংকট নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধান বের করার লক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চলমান অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। ইরানের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্থায়ী আলোচনা শুরুর ওপরও জোর দিয়েছেন কাতারের আমির।#
পার্সটুডে/বাবুল আখতার/৩