‘আমেরিকা নিষেধাজ্ঞায় আসক্ত হলেও ইরানের নিরাপত্তা সুরক্ষিত’
https://parstoday.ir/bn/news/iran-i47157-আমেরিকা_নিষেধাজ্ঞায়_আসক্ত_হলেও_ইরানের_নিরাপত্তা_সুরক্ষিত’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপে আসক্ত হয়ে পড়লেও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৭ ০৩:৩৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপে আসক্ত হয়ে পড়লেও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি দিয়ে যাচ্ছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জারিফ এ মন্তব্য করেছেন। তিনি কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমেরিকা গত ৪০ বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই কাজের মাধ্যমে তারা মার্কিন নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানকে টিকে থাকার কৌশল শিখিয়েছে।”

জারিফ আরো বলেন, অবশ্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার একই ধরনের আচরণ পর্যালোচনা করলে বোঝা যায়, নিষেধাজ্ঞা আরোপ এখন আমেরিকার নেশায় পরিণত হয়েছে।

মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, “তারা ভাবছে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে বিপদে ফেলা যাবে। কিন্তু আমার তো মনে হয় তাদের এতদিনে অন্তত এই শিক্ষাটা হওয়া উচিত ছিল যে, নিষেধাজ্ঞা দিয়ে কখনই ইরানকে কাবু করা যায়নি।”

২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ছয় জাতিগোষ্ঠীর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও ইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা মোগেরিনি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্যতম অংশীদার ছিল। কিন্তু নয়া মার্কিন প্রেসিডেন্ট ওই সমঝোতাকে তার প্রশাসনের জন্য 'বিব্রতকর' বলে উল্লেখ করে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়া হুমকি দিচ্ছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮