কালো তালিকাভুক্ত করলে মার্কিন সেনাদের দায়েশ বিবেচনা করব: আইআরজিসি
-
আইআরজিসি\'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি তার বাহিনীকে কালো তালিকাভুক্ত করে তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হিসেবে বিবেচনা করা হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারেন বলে খবর বের হওয়ার পর জেনারেল জাফারি এ হুমকি দিলেন। তিনি বলেন, যদি আমেরিকা এ ধরনের পদক্ষেপ নেয় তাহলে এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে সরিয়ে নিতে হবে। মার্কিন সিনেটে ইরান-বিরোধী নিষেধাজ্ঞার একটি বিল পাস হওয়ার পর গত ২ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প তাতে সই করেছেন। এখন তা আইন পরিণত হতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট শিগগিরি পরমাণু সমঝোতা থেকে তার সমর্থন তুলে নিতে পারেন। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এ সমঝোতা সই হয়েছিল। এ সম্পর্কে জেনারেল জাফারি বলেন, মার্কিন সরকার এমন বোকামি করলে ইরানও প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক কিছু কর্মসূচি জোরদার করবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮