আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করবেন না: ইরানি প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করার বিষয়ে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেন, সন্ত্রাস-বিরোধী এই এলিট ফোর্সের বিরুদ্ধে মার্কিন সরকারের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বে সন্ত্রাসবাদ বেড়ে যাবে।
আইআরজিসি-কে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে উল্লেখ করেন জেনারেল আমির হাতামি। তিনি বলেন, সন্ত্রাস-বিরোধী ইরানের এই বাহিনীকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র এ অঞ্চল ও সারা বিশ্বে সন্ত্রাসবাদ উসকে দিতে সহায়তা করবে। তিনি মার্কিন হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়ে ইরানের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। আইআরজিসি এবং ইরানের সমস্ত বাহিনী মার্কিন সরকারের শত্রুতামূলক ও আগ্রাসী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে বলেও জেনারেল হাতামি উল্লেখ করেছেন।
আগামী ১৫ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে- ওইদিন তিনি আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করবেন এবং ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে অস্বীকার করবেন। ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে খারাপ চুক্তি বলে আসছেন এবং তিনি এ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে বক্তব্য রাখছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২