সঠিক সময়ে আরো নতুন কিছু দেখতে পাবেন: ট্রাম্পকে আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জাযায়েরি
ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দেশটির সামরিক বাহিনী। মার্কিন অর্থ বিভাগ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'কে কালো তালিকাভুক্ত করার পর সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বক্তব্য এলো।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জাযায়েরি গতকাল (শুক্রবার) বলেন, সামরিক বাহিনী এবং বিজ্ঞ ইরানি জনগণের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্ত মাকিন সরকারকে বলতে চাই যে আমেরিকার দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থাকে মোকাবেলার জন্য ইরানের সামরিক শক্তি বাড়ানোর ধারা বিরতিহীনভাবে আরো দ্বিগুণ উদ্দীপনা এবং সংকল্পচিত্তে অব্যাহত থাকবে।
শুক্রবারের বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, আইআরজিসি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে। এ কারণে এর সঙ্গে জড়িত কর্মকর্তা, এজেন্ট ও অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয়কে অনুমতি দিয়েছেন তিনি। তবে ট্রাম্প আপাতত আইআরজিসি'কে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পথ থেকে সরে আসলেও ভবিষ্যতে তিনি তা করবেন বলে এর আগে কিছু সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছিল।
জেনারেল জাযায়েরি বলেন, ট্রাম্পের জন্য আরো নতুন কিছু অপেক্ষা করছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের একের পর এক নোংরা এজেন্ডা বাস্তবায়নের পথকে বন্ধ করে দেয়ার জন্য আগের চেয়ে এখন আরো বেশি শক্তি অর্জন করেছে আইআরজিসি। আমেরিকাকে এখনো অনেক কিছু বলাই হয় নি। মার্কিন প্রশাসনের এসব বাহ্যিক নোংরা আচরণের জবাব সঠিক সময়ে দেয়া হবে বলে জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪