মিথ্যা অপবাদ দিয়ে ট্রাম্প ইরানি জনগণের মনোবল দমাতে পারবেন না: জারিফ
-
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ইরানিদের সমাবেশে জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা অপবাদ দিয়ে, কাদা ছোঁড়াছুঁড়ি করে ইরানি জনগণের দৃঢ় মনোবল ও প্রতিরোধ স্পৃহা বিন্দুমাত্র দমাতে পারবেন না। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ইরানি নাগরিকদের এক সমাবেশে গতরাতে তিনি একথা বলেন।
ট্রাম্প গত ১৩ অক্টোবর আবারো ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ করেন। এর প্রতিক্রিয়ায় জারিফ বলেন, প্রকৃত সত্য হচ্ছে সিরিয়া এবং ইরাকে মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ইরান।
ইরাক এবং সিরিয়া সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান দেশ দুটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সংগ্রামের ক্ষেত্রে সামরিক উপদেশ দিয়ে সহযোগিতা করছে যা কোনোভাবেই ট্রাম্পের ভালো লাগার কথা নয়।
জাওয়াদ জারিফ আরো বলেন, ইরানের জনগণই তাদের দেশের উন্নয়ন ও নিরাপত্তার ঢাল। বিগত চল্লিশ বছর ধরে ইরানের জনগণ সব রকমের চাপ, নিষেধাজ্ঞা ও আগ্রাসন উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশে ইরানের মতো নিরাপত্তা নেই বলেও তিনি মন্তব্য করেন।
জাওয়াদ জারিফ বলেন, সৌদি আরব ও তার মিত্ররা পেট্রোডলার খরচ করে মার্কিন অস্ত্র কিনছে এবং তা দিয়ে ইয়েমেনের নিরীহ জনগণের রক্ত ঝরাচ্ছে। লাখ লাখ ইয়েমেনি নিজেদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৩ হাজার ইয়েমেনি নিহত ও হাজার হাজার আহত হয়েছে।
গত রোববার বিকেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় পৌঁছান। ইরান-দক্ষিণ আফ্রিকা যৌথ অর্থনৈতিক কমিশনের ১৩তম বৈঠকে যোগ দেয়ার উদ্দেশ্যে তিনি সেখানে যান।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৪