পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সন্তোষজনক নয়; বাড়াতে হবে: ইরান
-
ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠকে ইরানি রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত ইসলামাবাদের সঙ্গে তার দেশের বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়ে দুপক্ষকে আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে।
ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে এক বৈঠকে হোনারদুস্ত বলেন, পাকিস্তানের রপ্তানীকারকদের ইরানের আন্তর্জাতিক পণ্য বাজারের প্রতি গুরুত্ব দিয়ে এর সুবিধা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বহুক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দু দেশের মধ্যে বিশাল সম্ভাবনা থাকার পরও বাণিজ্যের পরিমাণ মোটেই সন্তোষজনক নয়।
হোনারদুস্ত জানান, ইরান ও পাকিস্তানের নেতারা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন এবং তা বছরে ৫০০ কোটি ডলারে নেয়ার কথা জানিয়েছেন। বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১২০ কোটি ডলার।
ইরানি রাষ্ট্রদূত বলেন, "দু দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো আমাদের দায়িত্ব। যদি তা করা যায় তাহলে দু দেশেই আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এর মধ্যদিয়ে বেকার লোকজনকে অবৈধ ও সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেয়া থেকে বিরত রাখা সহজ হবে।" হোনারদুস্ত বলেন, পাকিস্তান নিকটতম প্রতিবেশী ও মুসলিম দেশ হওয়ায় ইরানের কাছে তার আলাদা গুরুত্ব রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬