ইরানের সঙ্গে কাতার ৫ গুণ বাণিজ্য বাড়াতে চায়
https://parstoday.ir/bn/news/iran-i48955-ইরানের_সঙ্গে_কাতার_৫_গুণ_বাণিজ্য_বাড়াতে_চায়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তেহরান সফররত কাতারের বাণিজ্যমন্ত্রী আহমাদ বিন জসিম আলে সানির সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াত মাদারি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৭ ২৩:১৮ Asia/Dhaka
  • বৈঠকের পর সাংবাদিকদের বিবৃতি পড়ে শোনাচ্ছেন কাতারের বাণিজ্যমন্ত্রী আহমাদ বিন জসিম আলে সানি
    বৈঠকের পর সাংবাদিকদের বিবৃতি পড়ে শোনাচ্ছেন কাতারের বাণিজ্যমন্ত্রী আহমাদ বিন জসিম আলে সানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তেহরান সফররত কাতারের বাণিজ্যমন্ত্রী আহমাদ বিন জসিম আলে সানির সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াত মাদারি।

তিনি জানান, ইরান ও কাতারের মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলারের কিছু কম। কিন্তু কাতার বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারের ওপরে নিতে চায়।

ইরানি মন্ত্রী জানিয়েছেন, সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় দোহা। শারিয়াত মাদারি বলেন, ইরান ও কাতারের মধ্যে গত কয়েক মাসে ১২০ শতাংশের বেশি বাণিজ্য বেড়েছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

কাতারের বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি নেতৃত্বাধীন অবরোধ আরোপের পর কাতারে খাদ্য ও জরুরি পণ্য পাঠানোর ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া, তুরস্ক ও আজারবাইজানের পণ্য কাতারে পৌঁছানোর ক্ষেত্রে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে ইরান থেকে খাদ্যপণ্য ও নির্মাণ সামগ্রী কাতারে রপ্তানি করায় জসিম আলে সানি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৫ জুন সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র গুরুত্বপূর্ণ সদস্য কাতারের ওপর অবরোধ আরোপ করে। এরপর থেকে কাতারের জরুরি পণ্য চাহিদা পূরণের জন্য দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান ও তুরস্ক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭