টিলারসনের ইরান বিরোধী অভিযোগ "নিষ্ফল গোঁয়ার্তুমি": বাহরাম কাসেমি
-
বাহরাম কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন ইরানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের পুনরাবৃত্তি করে আমেরিকার কোনো ফায়দা হবে না। দশকের পর দশক ধরে ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে আমেরিকা যেসব মারাত্মক ভুল করেছে, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সেসব ভুলের ক্ষতি পূরণ করতে পারবে না।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গে গতকাল ব্রাসেলসে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য ইরানকে দায়ি করেছেন।
বাহরাম কাসেমি টিলারসনের ইরান বিরোধী অযৌক্তিক এই বক্তব্যকে "নিষ্ফলা গোঁয়ার্তুমি" বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসী নীতির ফলে সৃষ্ট পুরোণো গভীর ক্ষতের জ্বালা অন্য দেশকে অভিযুক্ত করে মেটানো যাবে না।
বাহরাম কাসেমি বলেন স্বয়ং ইরান মার্কিন সমর্থনপুষ্ট স্বৈরতন্ত্র, অভ্যুত্থানসহ নানারকম হস্তক্ষেপকামী নীতির শিকার। তিনি এ অঞ্চলে মার্কিন নীতির ফলে সৃষ্ট ভয়াবহ সংকট এমনকি লক্ষ লক্ষ নারী ও শিশুর মৃত্যুর ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানার জন্য টিলারসনের প্রতি আহ্বান জানান।
ইরান মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক নীতিমালা মেনে ফ্রন্ট লাইনে অবস্থান করবে। মধ্যপ্রাচ্যের জনগণের মঙ্গল যারা চায় না তাদের মিথ্যাচারের প্রতি ভ্রূক্ষেপ না করে ইরান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান যে সাহায্য সহযোগিতা করছে সেদিকে মার্কিন দৃষ্টি না পড়ার একমাত্র কারণ হলো ক্ষোভ। আমেরিকার সমর্থনে সৃষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের অবিশ্বাস্য সংগ্রামই এই রাগ ও ক্ষোভের কারণ বলে জনাব কাসেমি উল্লেখ করেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৬