ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দিলে ইরান তা গর্বভরে ঘোষণা করত: এমপি
-
হোসেইন নাকাভি হোসেইনি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র হোসেইন নাকাভি হোসেইনি বলেছেন, ইরান যদি কখনো ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করত তাহলে তা গর্বভরে ঘোষণা করত। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তা ঘোষণা করার মতো সাহস, ক্ষমতা ও সততা ইসলামি প্রজাতন্ত্র ইরানের আছে।
হোসেইন নাকাভি হোসেইনি বলেন, "সৌদি আরবের এটা জানা উচিত যদি ইরানের ক্ষেপণাস্ত্র ইয়েমেনের সেনা ও যোদ্ধাদেরকে দেয়া হতো তাহলে যুদ্ধ পরিস্থিতি ভ্ন্নি হতো।" তিনি আরো বলেছেন, "আমরা বার বার বলেছি ইয়েমেনের সেনা ও যোদ্ধাদেরকে ইরান সমর্থন করে কিন্তু একই সময়ে আমরা এও খোলাখুলি বলেছি যে, তেহরান ইয়েমেনিদেরকে কোনো ক্ষেপণাস্ত্র দেয় নি।"
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গত ১৪ ডিসেম্বর ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যা দিয়ে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আঘাত করা হয়। এর আগে সৌদি আরবও একই অভিযোগ করেছে। তবে ইরান এ অভিযোগ সুস্পষ্টভাবে নাকচ করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫