অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ; নিন্দা করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খশরু
ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক বিক্ষোভ-প্রতিবাদে সমর্থনের নামে সহিংসতায় উসকানি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খশরু।
তিনি বলেছেন, অদ্ভূতভাবে ইরানে অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদকে দেয়া এক চিঠিতে গোলাম আলী খশরু এসব কথা বলেছেন। তিনি বলেন, বিচ্ছিন্ন সহিংসতায় সমর্থন দিয়ে ওয়াশিংটন অদ্ভূত কায়দায় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক তৎপরতা বাড়িয়েছে এবং সাধারণ প্রতিবাদকে অনুপ্রবেশকারীদের মাধ্যমে হাইজ্যাক করার চেষ্টা করেছে। মার্কিন এই ভূমিকা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
ইরানরে স্থায়ী প্রতিনিধি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট গত কয়েকদিনে বেশকিছু উদ্ভট টুইটার পোস্ট করেছেন যার মাধ্যমে ইরানের জনগণকে সহিংসতায় উসকানি দেয়া হয়েছে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরও স্বীকার করেছে যে, ইরান সরকারকে চ্যালেঞ্জ করার জন্য বিক্ষোভকারীদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছে মার্কিন সরকার; আমেরিকার এই তৎপরতাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানান গোলাম আলী খশরু।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪