ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের প্রতি সিআইএ’র সমর্থন ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i51023-ইরানে_গোলযোগ_সৃষ্টিকারীদের_প্রতি_সিআইএ’র_সমর্থন_ঘোষণা
ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক গোলযোগ সৃষ্টিকারীদের নাশকতামূলক তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৮ ০৪:৪৪ Asia/Dhaka
  • মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ\'র পরিচালক মাইক পম্পেও
    মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ\'র পরিচালক মাইক পম্পেও

ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক গোলযোগ সৃষ্টিকারীদের নাশকতামূলক তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

সংস্থার পরিচালক মাইক পম্পেও রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন।

একইসঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করে বলেন, আমেরিকা এই সমঝোতায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের রয়েছে।

এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ আমেরিকার বহু কর্মকর্তা ইরানের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন। মার্কিন কর্মকর্তারা ইরানের মুষ্টিমেয় কিছু লোকের নাশকতামূলক তৎপরতাকে সেদেশের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাতের ‘সুযোগ’ বলে অভিহিত করেন।

রাজধানী তেহরানে সরকারের সমর্থনে অনুষ্ঠিত শোভাযাত্রা

কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইরানের বিশৃঙ্খলা সম্পর্কে আমেরিকার চাপে অনুষ্ঠিত একটি বৈঠক ব্যর্থ হয়। এর ফলে আমেরিকার দৃষ্টিতে কথিত যে ‘সুযোগ’ও ব্যর্থ হয়ে যায়।

সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ বিক্ষোভ দেখান। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে কাজে লাগিয়ে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নাশকতামূলক তৎপরতা চালায় ও সরকারি সম্পদের ক্ষতি করে।

এই অপরাধমূলক তৎপরতার নিন্দা জানিয়ে গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে বিশাল বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮