তুরস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তলবের খবর অস্বীকার করল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i51101-তুরস্কে_নিযুক্ত_ইরানি_রাষ্ট্রদূত_তলবের_খবর_অস্বীকার_করল_তেহরান
আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ান-ফার্দকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৮ ০৩:১২ Asia/Dhaka
  • আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ান-ফার্দ
    আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ান-ফার্দ

আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ান-ফার্দকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা আনাতোলি’সহ তুরস্কের আরো কিছু গণমাধ্যম গতরাতে (মঙ্গলবার) দাবি করেছিল, সিরিয়ার উত্তরাঞ্চলে চলমান ঘটনাপ্রবাহের ব্যাপারে জবাব দেয়ার জন্য ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এসব গণমাধ্যম আরো দাবি করেছিল, তুর্কি সরকার সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সিরিয়ার সেনাবাহিনীকে দায়ী করেছে। সেইসঙ্গে ইদলিবে কথিত হামলা বন্ধে সিরিয়ার সেনাবাহিনীকে রাজি করানোর জন্য ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে আঙ্কারা।

কিন্তু তুরস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তাহেরিয়ান-ফার্দ এই খবরের সত্যতা অস্বীকার করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী (ফাইল ছবি)

২০১৬ সালের ৩০ ডিসেম্বর থেকে সিরিয়ায় ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতির ব্যাপারে একটি বহুপাক্ষিক সমঝোতা হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের প্রতিনিধিরা ওই সমঝোতায় সই করেন।

তুরস্কের গণমাধ্যম এমন সময় ওই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সিরিয়ার সেনাবাহিনীকে দায়ী করল যখন সন্ত্রাসীরা এ পর্যন্ত বহুবার ওই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে রাশিয়া জানিয়েছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের লেলিয়ে দেয়া হয়। আমেরিকা, সৌদি আরব ও তাদের মিত্রদের উদ্যোগে এই সহিংসতা শুরু হয়। সাম্প্রতিক সময়ে সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকার ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হলেও এখনও পশ্চিমা মদদপুষ্ট কিছু সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার কিছু এলাকা দখল করে রেখেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০