আমেরিকাকে অনুসরণ করলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে: ইরান
-
মঙ্গলবার সন্ধ্যায় সালেহির সঙ্গে সাক্ষাৎ করেন স্ট্র
ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরান সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন নীতি অনুসরণ করলে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ক্ষতিগ্রস্ত হবে।
ইরান সফররত সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র’র সঙ্গে তেহরানে এক সৌজন্য সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
তিনি পরমাণু সমঝোতা নিয়ে চলমান বিতর্ককে ডোনাল্ড ট্রাম্পের মানসিক অস্থিরতার ফসল বলে উল্লেখ করেন। সালেহি বলেন, ট্রাম্প এই সমঝোতা বাস্তবায়নের পথে যতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন পাল্টা পদক্ষেপ নিয়ে সে ক্ষতি কাটিয়ে উঠবে তেহরান।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, আমেরিকা ও ব্রিটেনসহ ছয় বিশ্বশক্তি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও এসব দেশই এই সমঝোতা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করেছে। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে কাজাখস্তানের কাছ থেকে ইরানের ৯০০ টন প্রাকৃতিক ইউরেনিয়াম কেনার পথে ব্রিটিশ সরকারের বাধা সৃষ্টির কথা উল্লেখ করেন।
ইরানের রাজধানী তেহরানে সোমবার নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অংশগ্রহণ করতে ইরান সফর করেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র। তিনি সালেহির সঙ্গে সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০