মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব ‘অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’: ইরান
-
নাশকতামূলক তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে ইরানে অনুষ্ঠিত বিশাল শোভাযাত্রা
ইরানের সাম্প্রতিক বিশৃঙ্খলার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছেন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রস্তাব পাসের অধিকার মার্কিন পার্লামেন্টের নেই।
তিনি বুধবার রাতে তেহরানে সাংবাদিকদের বলেন, আমেরিকা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে ‘নির্বোধ ও অযৌক্তিক’ পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক আইন ও রীতি বিরোধী।
প্রায় দুই সপ্তাহ আগে ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কয়েকটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। কিন্তু কিছু সুযোগসন্ধানী ও বিদেশি মদদপুষ্ট লোক ওই বিক্ষোভকে ব্যবহার করে নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ে। এই ধ্বংসাত্মক তৎপরতার প্রতি তাৎক্ষণিকভাবে সমর্থন জানায় আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবসহ ইরানের প্রতি বিদ্বেষ পোষণকারী কিছু দেশ।
তবে কয়েকদিনের মধ্যেই ইরানের পরিস্থিতি পাল্টে যায়। সরকার বিরোধী বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে এবং সরকারের সমর্থনে দেশজুড়ে টানা কয়েকদিন ধরে ব্যাপক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রতিনিধি পরিষদ মঙ্গলবার এক প্রস্তাব পাস করে ইরানের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতায় জড়িতদের প্রতি সমর্থন ঘোষণা করে। এর প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি আরো বলেছেন, আমেরিকার এ ধরনের বস্তাপচা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাবের ধোঁকায় আর কোনোদিন পড়বে না ইরানি জনগণ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১