আবারও নিজের অজ্ঞতা প্রকাশ করে দিলেন ট্রাম্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানসহ মধ্যপ্রাচ্য সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বক্তৃতার প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় তিনি আজ (বুধবার) এ কথা বলেন।
জাওয়াদ জারিফ আরও বলেছেন, ট্রাম্পের অবস্থান সবারই ভালো করে জানা। এটা নিশ্চিত যে, তিনি ইরানি জনগণের ভালো চান না। ট্রাম্পের বক্তব্যে কেউ কেউ খুশি হলেও ইয়েমেনি শিশুসহ যারা মার্কিন অস্ত্রের শিকারে পরিণত হয়েছে তারা খুশি হতে পারে না।
তিনি আরও বলেন, ট্রাম্প ও তার মিত্ররা বানোয়াট তথ্য ও সনদের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বার্ষিক ভাষণে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় পরিবর্তন আনতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের ধারণা যে অত্যন্ত সীমিত তা এর আগে তিনি নিজেই স্বীকার করেছেন। গত নভেম্বরে তিনি বলেছেন, বিশ্বে এত দেশ আছে তা আগে তার জানা ছিল না। তিনি ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করে আরও বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব কিছু জানা সম্ভব হতো না। #
পার্সটুযে/সোহেল আহম্মেদ/৩১