ফিলিস্তিন ইস্যুতে কোনো ছাড় দেবে না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i55232-ফিলিস্তিন_ইস্যুতে_কোনো_ছাড়_দেবে_না_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তার দেশের সমর্থন এখন একটি আদর্শিক বিষয়ে পরিণত হয়েছে এবং এ বিষয়টিতে কোনো ছাড় দেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০১৮ ০২:০২ Asia/Dhaka
  • তুরস্কের একটি পত্রিকায় জারিফের নিবন্ধটি প্রকাশিত হয়
    তুরস্কের একটি পত্রিকায় জারিফের নিবন্ধটি প্রকাশিত হয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তার দেশের সমর্থন এখন একটি আদর্শিক বিষয়ে পরিণত হয়েছে এবং এ বিষয়টিতে কোনো ছাড় দেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তুর্কি দৈনিক ইয়েনি সাফাক-এ প্রকাশিত এক নিবন্ধে জারিফ একথা লিখেছেন। সোমবার প্রকাশিত ওই নিবন্ধে জারিফ বলেন, “অন্য সব ভ্রাতৃপ্রতীম ও প্রতিবেশী মুসলিম দেশের  মতো ইরানও ফিলিস্তিনি জনগণের সমস্যাকে নিজের সমস্যা এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও নিরাপত্তাকে নিজের স্বাধীনতা ও নিরাপত্তা বলে মনে করে।”

অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত ও প্রায় দেড় হাজার মানুষ আহত হওয়ার পর জারিফ তার দেশের এ অবস্থান তুলে ধরলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তুরস্ক সফরে যাচ্ছেন। সিরিয়া সংকট নিয়ে আস্তানা সম্মেলনের ধারাবাহিকতায় ইরান, রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট রুহানি আঙ্কারা সফরে যাচ্ছেন। এ সফরের আগেভাগে তুর্কি পত্রিকায় জারিফের লেখা নিবন্ধ প্রকাশিত হলো।

মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলন সম্পর্কে জারিফ তার নিবন্ধের অন্য অংশে লিখেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এখন একটি বিরল পণ্যে পরিণত হয়েছে। এটি এখন নিরাপত্তাবিহীন একটি বিশাল ভূখণ্ড। তিনি আরো বলেন, বিদেশি আধিপত্যকামী শক্তিগুলো সব সময় মধ্যপ্রাচ্যের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং এসব যুদ্ধের কারণে ‘শান্তি’ বারবার মুখ লুকিয়েছে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, নিরাপত্তা, যৌথ স্বার্থ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। জারিফ বলেন, নিজেদের জনগণ ও তাদের ভবিষ্যত প্রজন্মগুলোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর গুরুদায়িত্ব রয়েছে যা তাদের পালন করতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩